অ্যানিমেশনে আসছে ‘মুজিব আমার পিতা’

১৯ মার্চ, ২০২০ ১৮:৫৩  
ভার্চুয়াল বাস্তবতায় হাজির হচ্ছেন বঙ্গবন্ধু। তাঁর বর্ণাঢ্য জীবন নিয়ে তৈরি হচ্ছে অ্যানিমেশন সিনেমা ‘মুজিব আমার পিতা’। তথ্যপ্রযুক্তি বিভাগের গেম অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এবং বেসিস এর বিএমআইটি সল্যুশনের সহযোগিতায় দ্বিমাত্রিক চলচ্চিত্রটি তৈরি করছে প্রোল্যান্সার স্টুডিও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’ এবং বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’বই থেকে সংকলিত হয়েছে ডক্যু ছবির কাহিনী। এতে রয়েছে শেখ মুজিবুর রহমানের জন্ম হতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন পর্যন্ত সময়ের বর্ণ্যঢ্য জীবন আলেখ্য। চলচ্চিত্রটি পরিচালনা করছেন সোহেল মোহাম্মদ রানা। একে কাজ করছেন ৪০ জনেরও বেশি চারুশিল্পী। চলচ্চিত্রটির লিড ক্যারেক্টার ডিজাইন করেছেন আরাফাত করিম, লিড ব্যাকগ্রাউন্ড ডিজাইনার পল্লব কুমার মোহন্ত ও চিত্রনাট্য লিখেছেন ফাহাদ চিশতী কানন ও ইবনে কবির। মুজিব জন্মশতবর্ষে মুক্তি পেতে যাচ্ছে দ্বিমাত্রিক এ ডক্যু ফিল্মটি।